ডেস্ক :
খুলনা মহানগরীর লবণচরা থানার হরিণটানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিনসহ দুইজন কথিত অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি।শুক্রবার (১০ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার হন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার মাদারশি এলাকার মো. শুক্কুর হাওলাদার (৩৫) এবং খুলনার লবণচরা থানার হরিণটানা এলাকার মো. ইমরান খান (৩৭)।র্যাব জানায়, অভিযানের সময় ইমরান খানের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় এসব আলামত জব্দ করা হয়।র্যাবের তথ্যমতে, গ্রেপ্তার শুক্কুর হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুরের ভাণ্ডারিয়া থানায় এবং ইমরান খানের বিরুদ্ধে খুলনার বটিয়াঘাটা থানায় একাধিক মামলা রয়েছে।এ ঘটনায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ দুই আসামিকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।