মোল্লা জাহাঙ্গীর আলম :
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার ও সদস্যদের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।বুধবার (৮ জুলাই ২০২৬) বেলা ১১টায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।অনুষ্ঠানে গত এক মাসে ট্রাফিক ব্যবস্থাপনা, দায়িত্বশীলতা ও কর্মদক্ষতার স্বাক্ষর রাখা মোট ৩১ জন সদস্যকে সম্মাননা দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ১ জন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ৫ জন সার্জেন্ট/টিএসআই, ৫ জন এটিএসআই এবং ২০ জন কনস্টেবল।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায়ও ট্রাফিক সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি নির্দেশনা দিয়ে বলেন, নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি কোনো সন্দেহজনক মিছিল, মোটরসাইকেল র্যালি, অপরাধমূলক কার্যক্রম বা জরুরি পরিস্থিতি নজরে আসামাত্র দ্রুত কন্ট্রোল রুম অথবা বেতারের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। তিনি আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, সতর্কতা ও জনসেবার মান আরও বৃদ্ধি করতে হবে, যাতে নগরবাসী নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করতে পারেন।পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে পুলিশ কমিশনার বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সবার দায়িত্ব। ব্যক্তিগত উদ্যোগে তিনি ১২ হাজার গাছের চারা সংগ্রহ করেছেন, যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে রোপণ করা হবে। এ সময় তিনি সকল পুলিশ সদস্যকে নিজ নিজ বাড়ি, অফিস ও কর্মস্থলে বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে এটিকে ‘সদকায়ে জারিয়া’ হিসেবে অভিহিত করেন।অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পুলিশ কমিশনার আশাবাদ ব্যক্ত করে বলেন, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এ ধরনের পুরস্কার প্রদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এতে মাঠপর্যায়ে কর্মরত সদস্যদের দায়িত্বশীলতা, কর্মস্পৃহা ও জনসেবার মান আরও বৃদ্ধি পাবে।