মোল্লা জাহাঙ্গীর আলম :
খুলনার পশ্চিম রূপসা বেড়িবাঁধ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইতি (১৫) নামে এক কিশোরী আহত হয়েছেন। আজ শুক্রবার ৩ জুলাই সন্ধ্যায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে একদল দুর্বৃত্ত গুলি ছুঁড়লে ইতি গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ইতি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।কে বা কারা এই হামলার সাথে জড়িত এবং কী কারণে তাকে গুলি করা হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।এ ঘটনার পর পশ্চিম রূপসা বেড়িবাঁধ ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তারা বলেন, বেড়িবাঁধ এলাকায় সন্ধ্যার পর নিরাপত্তা বাড়ানো প্রয়োজন।