নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও উপজেলায় কুলছুমা আক্তার নামে চার সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক ৯টার দিকে পোকখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব নাইক্ষ্যংদিয়া এলাকার নিজ বসতঘরের রান্নাঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।নিহত কুলছুমা আক্তার উক্ত এলাকার মৃত শফি আলমের ছেলে হেলাল উদ্দীনের স্ত্রী। তার পৈতৃক বাড়ি ঈদগড় এলাকায়।স্থানীয় সূত্র মতে, ঘটনার সময় নিহতের সন্তানরা পাশের ঘরে পড়তে গিয়েছিল। রাতে নিহতের এক দেবর কাজ থেকে ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। তিনি বারবার ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে প্রতিবেশী ও স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে রান্নাঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় কুলছুমার মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি অবহিত করা হয় এবং পরবর্তীতে থানা পুলিশকে জানানো হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ, ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড। সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।