নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
কক্সবাজার সদরের চৌফলদন্ডীর দক্ষিণ মাইজ পাড়ার অসহায় তৌহিদুল ইসলামের পরিবারের পাশে দাঁড়ালো ঈদগাঁও একটি সামাজিক সংগঠন। সন্তানকে বাঁচাতে গিয়ে আজ তারা চরম অভাব-অনটনে দিনাতিপাত করছেন। এমন এক মানবিক বিপর্যয়ের মুহূর্তে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে একটি সামাজিক সংগঠন। জানা যায়, তৌহিদুল ইসলামের ছেলে তাহসিফ প্রকাশ আসিফ ভয়াবহ অগ্নিদগ্ধ হওয়ার পর দীর্ঘসময় জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত পৃথিবীর মায়া ত্যাগ করেন। সন্তানকে বাঁচাতে গিয়ে পরিবারটি তাদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়েছিল। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক সময় পরিবারের সদস্যদের দুবেলা অন্ন জোগাড় করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।এ অসহায় পরিবারের দুঃখ-কষ্টের খবর পেয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন এ সংগঠনটি। সংগঠনের পক্ষে পরিবারে গিয়ে দুই মাসের খাবারের উপযোগী নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নিবন্ধিত সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ সহ দায়িত্বশীল ও শুভানুধ্যায়ীরা।মনির আহমদ বলেন, সন্তান হারানোর বেদনা কোন সাহায্য দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে মানুষের পাশে মানুষ দাঁড়ালে কিছুটা হলেও শোক লাঘব হয় ও বেঁচে থাকার প্রেরণা যোগায়।