নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও উপজেলার ইসলামপুরের উত্তর নাপিতখালীতে মিন্টু নামে এক সৌদি প্রবাসীর ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২২ জুন) সকাল ৯টার দিকে নতুন বাজার এলাকায় ঐ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে। আহত মিন্টু ঐ এলাকার ওমর আলীর ছেলে। অভিযুক্ত হামলাকারী একই এলাকার ভুক্তভোগী মিন্টুর চাচাতো ভাই।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র মতে, দীর্ঘদিন ধরে ওমর আলীসহ অপর ভাইয়ের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোন স্থায়ী সমাধান হয়নি। বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে পূর্বে থেকে উত্তেজনা বিরাজ করছিল।সোমবার সকালে মিন্টু নতুন বাজার এলাকায় অবস্থান করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে মিন্টুর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। ঘটনার পরপরই হামলাকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈদগাঁওয়ের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।এলাকাবাসী জানান, বিরোধের সুষ্ঠু সমাধান না হওয়ায় এমন ন্যক্কারজনক সহিংসতা ঘটেছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।