ডেস্ক :
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে ক্যালকুলেটরে হিসাব কষে কষে ঘুষ ও কমিশন গ্রহণের অভিযোগ উঠেছে। ৪ মিনিট ৪৭ সেকেন্ডের এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।ক্যালকুলেটরে হিসাব করে ১৫% ঘুষ নিচ্ছেন পিআইও, ভিডিও ভাইরাল সোমবার (২২ জুন) দুপুর থেকে ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হয়।ভিডিওটিতে দেখা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে কয়েকজন প্রকল্প সভাপতি ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের সঙ্গে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন নির্ধারণ সংক্রান্ত দরদাম করছেন পিআইও বাবুল চন্দ্র রায়। তিনি নিজ হাতে ক্যালকুলেটর চেপে মেম্বারদের কাছ থেকে ঘুষের টাকা বুঝে নিচ্ছেন।ভিডিওতে পিআইও বাবুল চন্দ্র রায়কে এক ইউপি সদস্যের উদ্দেশে বলতে শোনা যায়, মেম্বার সাহেব আপনার ৮ টন গম না, ৪০ করে?' মেম্বার উত্তর দেন, 'না স্যার ৩২ হাজার করে।'তখন পিআইও ক্যালকুলেটর চেপে হিসাব কষে বলেন, 'তাহলে ৩২ ইন্টু ৮, ২ লাখ ৫৬ হাজার। ইন্টু ১৫ পারসেন্ট যদি দেন, ৩৮ হাজার টাকা আসে।'টাকা কমানোর আকুতি জানিয়ে মেম্বার বলেন, 'এতো স্যার! একটু কম করে নেন, কাজের তো লাভও হয়নি।' জবাবে পিআইও হাসতে হাসতে বলেন, 'মেম্বারদের কোনদিন লাভ হয় না। আমি যে এতদিন পিআইও করতেছি, আমাকে কোন মেম্বার বলে নাই আমার লাভ হইছে।'একই ভিডিওতে অন্য এক মেম্বারের ১ লাখ ৬২ হাজার টাকার টিআর প্রকল্পের বিপরীতে ১৫ শতাংশ হারে ২৪ হাজার টাকা এবং আরেক মেম্বারের ১ লাখ ২০ হাজার টাকার প্রকল্পের বিপরীতে ১৮ হাজার টাকা কমিশন দাবি করতে দেখা যায় পিআইও-কে। একপর্যায়ে এক মেম্বার টাকা গুনে দিলে পিআইও-কে বলতে শোনা যায়, 'পিআইও অফিসটাতো আপনাদেরেই।'