ডেস্ক :
খুলনা বিভাগের ১০ জেলায় হামের প্রাদুর্ভাব এখনো অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৬৪ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ে হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, খুলনা বিভাগের ২১ জুন প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২১ জুন সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৬ হাজার ৬৪৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬ হাজার ২১২ জন হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে ৫ হাজার ৮৯৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। একই সময়ে বিভাগে ২৮ জনের সন্দেহজনক হামজনিত মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে।গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীদের মধ্যে মাগুরায় সর্বোচ্চ ১৫ জন, খুলনায় ১৪ জন এবং কুষ্টিয়ায় ১২ জন রয়েছেন। এছাড়া ঝিনাইদহে ৮ জন, যশোরে ৫ জন, চুয়াডাঙ্গায় ৪ জন, নড়াইলে ৩ জন, মেহেরপুরে ২ জন এবং সাতক্ষীরায় ১ জন রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে বাগেরহাটে নতুন কোনো রোগী পাওয়া যায়নি।জেলাভিত্তিক মোট আক্রান্তের সংখ্যায় কুষ্টিয়া শীর্ষে অবস্থান করছে। জেলায় এ পর্যন্ত ১ হাজার ৮৭৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এরপর খুলনায় ৯৩৩ জন, মাগুরায় ৮৬৪ জন, যশোরে ৭৮৬ জন, ঝিনাইদহে ৫১৭ জন, মেহেরপুরে ৪৫৮ জন, চুয়াডাঙ্গায় ৩৬৯ জন, নড়াইলে ৩৫৬ জন, বাগেরহাটে ২৯৪ জন এবং সাতক্ষীরায় ১৯৪ জন রোগী শনাক্ত হয়েছেন।স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা, জ্বরের সঙ্গে শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। পরিস্থিতি মোকাবিলায় বিভাগের সব জেলা হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।