মোল্লা জাহাঙ্গীর আলম //খুলনার রূপসা উপজেলার খোড়ার বটতলা এলাকায় শুক্রবার ১৯ জুন গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তলসহ একজনকে আটক করেছে রূপসা থানা পুলিশ। আটকের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীরের সার্বিক নির্দেশনায় এবং উপপরিদর্শক এসআই মাসুদের নেতৃত্বে থানার একাধিক পুলিশ সদস্য এ অভিযানে অংশগ্রহণ করেন। পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় অস্ত্রধারী এক ব্যক্তির গতিবিধি নিয়ে গোপন সংবাদ পাওয়ার পর অভিযানের পরিকল্পনা করা হয়। সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে খোড়ার বটতলা এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি চৌকস দল।অভিযানের সময় সন্দেহজনক গতিবিধির এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি বিশেষ পিস্তল উদ্ধার করা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটকৃত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিক ভাবে প্রকাশ করেনি পুলিশ।তদন্তের স্বার্থে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন থানার ওসি আব্দুর রাজ্জাক মীর।রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা খোড়ার বটতলা এলাকায় অভিযান চালাই। অভিযানে এসআই মাসুদের নেতৃত্বে আমাদের একাধিক সদস্য অংশ নেন। অভিযানে একটি বিদেশি পিস্তলসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তার কাছ থেকে পিস্তলটি কোথা থেকে এসেছে এবং সে কী উদ্দেশ্যে বহন করছিল তা খতিয়ে দেখা হচ্ছে।তিনি আরও বলেন, “রূপসা উপজেলায় মাদক, সন্ত্রাস ও অস্ত্রবাজি কোনোভাবেই বরদাশত করা হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে রূপসা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আমরা জনগণের সহযোগিতা চাই। কেউ কোনো সন্দেহজনক ব্যক্তি বা অস্ত্রের খবর পেলে দ্রুত পুলিশকে জানাবেন।অভিযানের নেতৃত্ব দেওয়া এসআই মাসুদ বলেন, খোড়ার বটতলা এলাকা রাতের দিকে তুলনামূলক নির্জন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অবস্থান নিয়ে নজরদারি করছিলাম। আটক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধরে তল্লাশি করা হয়। তল্লাশিতেই পিস্তলটি পাওয়া যায়।এ ঘটনার পর খোড়ার বটতলা ও আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও কৌতূহল দুটোই দেখা দিয়েছে। এলাকাবাসীরা জানান, রাতের বেলা এ এলাকায় মাঝেমধ্যে বহিরাগতদের আনাগোনা দেখা যায়। পুলিশের এমন তৎপরতায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, “পুলিশ যদি এভাবে নিয়মিত অভিযান চালায়, তাহলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে। আমরা নিরাপদে থাকতে পারবো।রূপসা থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, পিস্তলটির উৎস কী - এসব বিষয় তদন্ত করে দেখা হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রূপসা থানা পুলিশের টহল ও অভিযান জোরদার করা হয়েছে।উল্লেখ্য, রূপসা উপজেলায় গত কয়েক মাসে মাদক ও অস্ত্রবিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় এবার খোড়ার বটতলায় বড় ধরনের সাফল্য পেল তারা। পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল।