মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় টিসিবির ডিলার ইসমাইল মোল্লার একটি খাদ্যপণ্যের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে গুদামে মজুত থাকা চাল, ডাল, চিনি ও ভোজ্য তেলসহ বিপুল পরিমাণ সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ভুক্তভোগী ব্যবসায়ী।স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গুদামে প্রথম আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। তারা নিজেরা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাবসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তারের নির্দেশনায় ইতিমধ্যে ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির তদন্ত শেষেই আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট বিবরণ জানা যাবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।