ডেস্ক :
খুলনার রূপসা উপজেলার ঐতিহ্যবাহী সামন্তসেনা দারুসসুন্নাত সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় বিদ্যুৎ সংযোগের তার চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে মো: মেহেদী (২৬) নামে এক চোর আটক হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) ভোরে মাদ্রাসার বিদ্যুৎ মিটার থেকে সংযোগ বিচ্ছিন্ন করে তার চুরি করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে।আটককৃত মো: মেহেদী রূপসা উপজেলার নেহাটি ইউনিয়নের খোড়ার বটতলা এলাকার আতাউর মোল্লা ওরফে বাবুল মোল্লার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদ্রাসার বিদ্যুৎ মিটারের বাইরের সংযোগ তার চুরি হচ্ছিল। এ ঘটনার পর থেকে স্থানীয়রা সতর্ক অবস্থানে ছিলেন। মঙ্গলবার ভোরে আবারো তার চুরির চেষ্টাকালে এলাকাবাসী ধাওয়া করে মেহেদীকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে চুরির কথা স্বীকার করে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা মাদ্রাসার সামনে ভিড় জমায়।এলাকাবাসী জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মাদকাসক্ত ও অপরাধীদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। মাদ্রাসার মতো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।