মোল্লা জাহাঙ্গীর আলম
খুলনার পাইকগাছায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত যুবক হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামি নাজমুল হুদাকে গ্রেফতার করেছে র্যাব-৬। মামলা দায়ের ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়।র্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ৯ জুন বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি দল খুলনা সদর থানার খানজাহান আলী রোডের গ্লাসগো মোড় এলাকায় এস. এন্ড এ মোটরসের শোরুমে অভিযান চালায়। অভিযানে পাইকগাছা থানার হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মো. নাজমুল হুদা ৩৭ কে গ্রেফতার করা হয়।র্যাব জানায়, গত ৭ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী গরুর হাট এলাকায় মাদক কেনাবেচা এবং মাদককে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।মামলার এজাহার সূত্রে জানা যায়, নাজমুল হুদাসহ অন্যান্য আসামিরা হাসান ওরফে কিং ৩৫ নামে এক যুবককে দেশীয় অস্ত্র, লাঠি, শাবল ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মালেক সরদার বাদী হয়ে পাইকগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।