এম আবু হেনা সাগর,ঈদগাঁও
পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এক ঘন্টার বৃষ্টিতে ঈদগাঁও বাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্লাবিত হয়ে পড়েছে।দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে এ দুটি সড়ক যেন বর্ষা মৌসুমে জনদুর্ভোগের স্থায়ী চিত্রে পরিণত হয়ে পড়ে।সোমবার (৮ জুন) বিকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত অব্যাহত ছিল। বৃষ্টি পানিতে হাসপাতাল চাউল বাজার,কালিবাড়ী সড়কসহ ডিসি সড়কে নানা অংশে পানিবন্দি হয়ে পড়ে। যার ফলে পথচারী,শিক্ষার্থী,বাজারে আগত ক্রেতা-বিক্রেতা যানবাহনের চালক ও হাসপাতালগামী রোগী ও স্বজনদের দুর্ভোগ যেন চরমে পৌঁছেছে। অনেক কে হাঁটুসমান পানির মধ্যদিয়ে চলাচল করতে দেখা গেছে।স্থানীয়রা জানান, অল্প সময়ের বৃষ্টিপাতে সড়ক সমুহে পানিতে সয়লাভ হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের জন্য থাকা ড্রেন অপর্যাপ্তসহ অনেক জায়গায় ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি চলা চল করতে না পারায় এহেন অবস্থার সৃষ্টি। ফলে ঘণ্টার পর ঘণ্টা পানি জমে থেকে জনভোগান্তির কবলে পড়ে বাজারে আসা নারী-পুরুষরা।বিশেষ করে, বাজারের পশ্চিম অংশে হাসপাতাল সড়কে পানির কারণে রোগীসহ স্বজনদের চরম দুর্ভোগে পড়তে হয়। প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহনের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ডিসি সড়কে পানি জমে থাকায় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহতও হচ্ছে। নাছির উদ্দীন জানান,সময়োপযোগী ও টেকসই ব্যবস্থা গ্রহণ করা না হলে সামনের দিনে ঈদগাঁও বাজারের গুরুত্বপূর্ণ সড়কেই জনদুর্ভোগ আরো বাড়তে পারে। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিবছর বর্ষা এলেই একই চিত্রের পুনরাবৃত্তি ঘটলেও স্থায়ী সমাধানে কার্যকর কোন উদ্যোগ চোখে পড়ছেনা। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বন্ধ নালা-নর্দমা পরিষ্কার এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি।