শেখ মোঃ আব্দুল হামিদ
মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আকবরপুর এলাকায় দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অনুপযোগী হয়ে পড়া রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে স্থানীয় সাধারণ জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী জানান, আকবরপুর এলাকার গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, রোগী, ব্যবসায়ীসহ হাজারো মানুষ চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন স্থানে ভাঙন, গর্ত ও বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।বক্তারা অভিযোগ করেন, নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে জনগণের দ্বারে দ্বারে যান। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আর দেখা যায় না। ফলে বছরের পর বছর ধরে এলাকার মানুষ মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) হিসেবে লুৎফুর রহমান লুদু বিপুল ভোটে নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে তিনি ইন্তেকাল করলে ওই ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং অল্প ভোটের ব্যবধানে বর্তমান জনপ্রতিনিধি শ্রী গুরু পদ্ম দ্দে বিজয়ী হন। এর আগে তিনি প্রায় ১৫ বছর বিপুল ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলেও এলাকাবাসী জানান।তবে এলাকাবাসীর দাবি, বর্তমান জনপ্রতিনিধি দায়িত্ব গ্রহণের পরও আকবরপুর ওয়ার্ডে উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়নি। বিশেষ করে এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে। তাদের অভিযোগ, কিছু এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিচালিত হলেও আকবরপুর ওয়ার্ড প্রয়োজনীয় গুরুত্ব পাচ্ছে না।মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে রাস্তা সংস্কার ও উন্নয়ন কাজ শুরু করার জোর দাবি জানান। তারা বলেন, দীর্ঘদিনের এই ন্যায্য দাবি উপেক্ষা করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।এ সময় উপস্থিত এলাকাবাসী আশা প্রকাশ করেন, বিষয়টি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসবে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আকবরপুরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে।আয়োজক: সাধারণ জনগণ৯নং ওয়ার্ড, আকবরপুরগিয়াসনগর ইউনিয়ন, মৌলভীবাজার সদর।