এস মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার, খুলনা: ডুমুরিয়ায় প্রতি বছরের ন্যায় এবারও চুকনগর পশ্চিমপাড়া যুবদের আয়োজনে গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য ধরে রাখতে এক ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত রক্তস্নাত চুকনগর পাতোখোলা বিলে এ ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় বিভিন্ন অঞ্চল থেকে মোট ২৩ টি ঘোড়া অংশ গ্রহন করে। প্রতিযোগীতায় ১ম স্থান অধিকার করেছেন কয়রার ঘোড়া, ২য় স্থান অধিকার করেছেন নড়াইলের ঘোড়া ও ৩য় স্থান অধিকার করেছেন কেশবপুরের ঘোড়া। ঘোড়া দৌড় প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুকনগর সদর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন মালী। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা যুবদলের আহবায়ক সরদার বিল্লাল হোসেন। বক্তব্য রাখেন মেহেদী হাসান বাবলু, শিমুল শেখ, রাজাবাবু সরদার, সিরাজুল ইসলাম মোড়ল, মাহমুদুল কালাম মিতু, রবিউল ইসলাম, আরিজুল মোড়ল, শাহিনুর মোড়ল, কাশমীর শেখ, মুন্না সরদার, শরিফুল মোড়ল প্রমুখ। আলোচনা শেষে বিজয়ী ঘোড়ার মালিক কে পুরস্কার বিতরণ করা হয়।