সাব্বির আহমেদ,মাদারীপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। রবিবার ( ২৪ মে ) ফরিদপুর-বরিশাল মহাসড়কের শংকরপাশা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত চারজনই মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা। তারা হলেন— আলমগীর হোসেন, তার ভাই জাহাঙ্গীর হোসেন এবং তাদের দুই স্ত্রী খুরশিদা বেগম ও মাজেদা বেগম। দুর্ঘটনায় নিহত অপরজন হলেন অ্যাম্বুলেন্সের চালক কাওছার হোসেন।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন অসুস্থ থাকায় পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সযোগে তাকে নিয়ে ফরিদপুরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। পথে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, বিআরটিসি বাসটি একটি ভ্যানকে ওভারটেক করতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই চালকসহ অ্যাম্বুলেন্সে থাকা পাঁচ আরোহী প্রাণ হারান।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার আসল কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।