ডেস্ক :
রাত নামলেই কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতীয় গরু-মহিষের চালান ঢুকে পড়ছে বাংলাদেশে। বিভিন্ন বাজারের রশিদ দিয়ে এসব পশুকে বৈধতা দেয়া হচ্ছে। পরে এগুলো দেশি পশু হিসেবে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন হাটে। অভিযোগ রয়েছে, নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে রশিদ সংগ্রহ এবং বিভিন্ন মহলকে ম্যানেজ করেই এই চোরাচালান চলছে। ঈদুল আজহাকে সামনে রেখে এ ধরনের চালানের পরিমাণ আরও বেড়ে দ্বিগুণ হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। তবে এসব ঠেকাতে নজরদারি বাড়ানোর কথা বলছে আইনশৃঙ্খলা বাহিনী। সিলেটের সীমান্ত এলাকায় রাতের অন্ধকারে ভারত থেকে একের পর এক গরু আসার বিষয়টি যেন এখন ‘ওপেন সিক্রেট’। সিলেট অঞ্চলের ৪টি সীমান্তপথে রাত গভীর হলেই এমন গরু-মহিষের চালান চোখে পড়ে সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর বাসিন্দাদের। স্থানীয়দের দাবি, নানা মহলকে হাত করেই বিভিন্ন বাজারের রশিদ দিয়ে বৈধতা মিলছে ভারতীয় পশুর, পরে পৌঁছে যাচ্ছে নানা গন্তব্যে।