মোল্লা জাহাঙ্গীর আলম // খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী বাজারে নিউ সোমা জুয়েলার্সে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানের ভেতরে প্রবেশ করে আনুমানিক ৪০-৫০ ভরি রুপা ও নগদ ৬০-৭০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক।বৃহস্পতিবার (১৪ মে) সকালে জুয়েলার্সের মালিক বিশ্বজিত দাস দোকান খুলতে এসে চুরির বিষয়টি টের পান। তিনি জানান, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় যান। পরদিন বৃহস্পতিবার সকাল আনুমানিক ১টার দিকে দোকান খুলতে এসে দেখেন দোকানের পেছনের জানালার লোহার গ্রিল কাটা এবং সামনের ডিসপ্লে শোকেজ ভাঙা। ভেতরে ঢুকে দেখেন রুপার গয়না রাখার ট্রে ও ড্রয়ার এলোমেলো, ক্যাশবাক্স খোলা।বিশ্বজিত দাস বলেন, “চোরেরা আমার সারা বছরের সঞ্চয় নিয়ে গেছে। দোকানে সিসি ক্যামেরা ছিল না, এ কারণে দ্রুত শনাক্ত করা কঠিন হবে।” তিনি আরও জানান, ঘটনায় তার আনুমানিক ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিশ্বজিত দাস রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামের মৃত কালীপদ দাসের ছেলে।ঘটনার খবর পেয়ে শিয়ালী ক্যাম্প পুলিশের ইনচার্জ প্রদীপ দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, “প্রাথমিকভাবে মনে হচ্ছে রাতের কোনো এক সময় গ্রিল কেটে চুরি হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।ঘটনাস্থল পরিদর্শন করেন রূপসা উপজেলা জুয়েলারি সমিতির সভাপতি শামসুর দোহা জহর, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন হারা, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন স্বর্ণকার ও সদস্য প্রদীপ রায়।সমিতির নেতারা বলেন, “শিয়ালি বাজার ব্যবসায়িক ভাবে গুরুত্বপূর্ণ। এখানে বারবার চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে। প্রশাসনকে অবিলম্বে রাত্রিকালীন টহল বাড়াতে হবে এবং বাজারে সিসিটিভি নেটওয়ার্ক স্থাপন করতে হবে।” তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।ঘটনার পর শিয়ালী বাজারের অন্যান্য স্বর্ণ ও রুপার দোকানিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা জানান, সামনে পহেলা বৈশাখ ও বিয়ের মৌসুম থাকায় দোকানে মালামালের পরিমাণ বেশি। নিরাপত্তা না বাড়ালে তারা দোকান চালানো নিয়ে শঙ্কায় আছেন।পুলিশ জানায়, এ ঘটনায় রূপসা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।