এস মেহেদী হাসান,স্টাফ রিপোর্টার, খুলনা: খুলনা-৫ আসনের গণমানুষের জনপ্রিয় নেতা ও সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি-কে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় (কেএমইউ)-এর সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকারের অনুমোদনক্রমে এ মনোনয়ন প্রদান করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর খুলনা জুড়ে নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২১-এর ২০(১)(খ) ধারা অনুযায়ী সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এমপি আলি আসগার লবি। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিভিন্ন উদ্যোগের কারণে তিনি ইতোমধ্যে খুলনাবাসীর আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার এই নতুন দায়িত্বকে খুলনা অঞ্চলের স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।সংশ্লিষ্ট মহলের মতে, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক উন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন তিনি। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও নতুন পরিকল্পনা বাস্তবায়নে তার অভিজ্ঞতা কাজে লাগবে বলে আশা করা হচ্ছে।এদিকে, এই মনোনয়নের খবরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন। তারা বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যোগ্য ও জনবান্ধব একজন জনপ্রতিনিধিকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় খুলনাবাসী গর্বিত।“স্থানীয় নেতাকর্মীরা বলেন, এমপি আলি আসগার লবি অল্প সময়ের মধ্যেই খুলনা-৫ আসনের সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। জনগণের বিভিন্ন সমস্যা সমাধান এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার মাধ্যমে তিনি ইতোমধ্যে একজন জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি পেয়েছেন। এখন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে তার সম্পৃক্ততা খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়কে আরও আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠানে পরিণত করতে সহায়ক হবে।”খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়টি চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।