ডেস্ক :
দক্ষিণ লেবাননের নাবাতিহ ও সিডন এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।নাবাতিহ এলাকার হাবুশ শহরে চালানো ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে এক শিশু ও দুই নারী রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় আরও ২১ জন আহত হয়েছেন।এছাড়া সিডনের জরাইরিয়াহ শহরে পৃথক ইসরায়েলি হামলায় আরও ৪ জন নিহত হয়েছেন। এনএনএর প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে দুই নারী রয়েছেন। সেখানে আহত হয়েছেন আরও ৪ জন।এদিকে, লেবাননের অভ্যন্তরে প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল) পর্যন্ত ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। সেখান থেকে পিছু হটার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডের কমান্ডার রাফি মিলো।স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে মিলো বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলের প্রায় ৬০টি গ্রামজুড়ে বিস্তৃত এলাকাকে শত্রুমুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা।ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, বর্তমান অবস্থান থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।