ডেস্ক রিপোর্ট :
অদ্য ০১লা মে ২০২৬ খ্রিঃ সকাল ০৮.৩০ ঘটিকায় “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত ” প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র্যালি, বেলুন ও ফেস্টুন উড্ডয়নের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।জেলা প্রশাসন, খুলনা; শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, খুলনার আয়োজনে মহান মে এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস -২০২৬, উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, বেলুন ও ফেস্টুন উড্ডয়নের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয় এবং র্যালি শেষে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স, অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার)।অনুষ্ঠানে কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষা শ্রমিকের অধিকার। ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের শ্রমিক আন্দোলনের আত্মত্যাগের মধ্য দিয়েই আজকের শ্রম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই শ্রমিকের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র, মালিকপক্ষ এবং সংশ্লিষ্ট সকলের দায়িত্ব। শুধু মজুরি প্রদান করলেই দায়িত্ব শেষ হবে না, কর্মক্ষেত্রে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা, খুলনার সিভিল সার্জন ডা: মোছা: ফাহফুজা খাতুন-সহ জনপ্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি, শিল্প মালিক, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং শ্রমজীবী মানুষ।