ডেস্ক :
প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করেই তৃপ্তির ঢেঁকুর তোলেনি নারী হকি দল। সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমস বাছাই প্রতিযোগিতার ফাইনালও নিশ্চিত করেছে লাল-সবুজরা। গতকাল রুদ্ধশ্বাস সেমিফাইনালে বাংলাদেশ জিতেছে ৩-১ গোলে, দারুণ হ্যাটট্রিকে জয়টা রাঙিয়েছেন আইরিন রিয়া।আসরের শুরু থেকেই বাংলাদেশ শেষদিকে গিয়ে মুনশিয়ানা দেখিয়ে আসছে। চূড়ান্ত মুনশিয়ানা দেখাল গতকাল—শেষ তিন মিনিটে জোড়া গোল করে ম্যাচ জিতে নিয়েছে জাহিদ হাসান রাজুর কোচিংয়ে খেলা দলটি। এ নিয়ে আসরে খেলা চার ম্যাচের তিনটি জিতেছে বাংলাদেশ, আরেকটি ড্র হয়েছিল। প্রথম ম্যাচ ড্র করার পর টানা তৃতীয় জয়ে আসরের ফাইনালে পা রেখেছে আইরিন রিয়া-অর্পিতা বিশ্বাসরা।ম্যাচের অষ্টম মিনিটে আইরিন রিয়া ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন। দ্বাদশ মিনিটে চিয়া চেরি পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোল করে সিঙ্গাপুরকে সমতায় ফেরান। ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টার ছিল গোলশূন্য। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগেও স্কোরলাইন ছিল ১-১। ওই সময়েই আইরিন রিয়া-অর্পিতা বিশ্বাসের সমন্বয়ে দারুণভাবেম্যাচ শেষ করে বাংলাদেশ। ৫৭ ও ৫৮ মিনিটে আইরিন রিয়ার দুটি ফিল্ড গোল ছিল দলগত সমন্বয়ের ফসল। নেপথ্য কারিগর হিসেবে গোলে ভূমিকা রাখেন নারী হকি দলের পোস্টার গার্ল অর্পিতা বিশ্বাস। দারুণ এই জয়ের পর উচ্ছ্বসিত বাংলাদেশ দলের কোচ জাহিদ হাসান রাজু, ‘মেয়েদের প্রচেষ্টা ছিল প্রসংশনীয়। তাদের হার না মানা মানসিকতা সত্যিই অসাধারণ। আইরিন রিয়া হ্যাটট্রিক করেছেন ঠিক আছে, কিন্তু এটা ছিল পুরোপুরি দলগত প্রচেষ্টার সুফল। অর্পিতা নেপথ্য কারিগর হিসেবে ভালো ভূমিকা রেখেছে।’এশিয়ার সিনিয়র পর্যায়ে এটিই বাংলাদেশ নারী দলের প্রথম অ্যাসাইনমেন্ট। প্রথম মিশনেই ফাইনালে বাংলাদেশ। এবার সবার দৃষ্টি শিরোপায়। কিন্তু কোচ জাহিদ হাসান রাজুর দৃষ্টিভঙ্গি ভিন্ন। সাবেক এই খেলোয়াড়ের কথায়, ‘বাংলাদেশের বড় দুর্নাম ছিল—শেষদিকে এসে খেই হারিয়ে ম্যাচ হারে। এ জায়গায় আমাদের দলটা কিন্তু ভিন্ন। এই আসরের ম্যাচগুলো বিশ্লেষণ করলে দেখবেন, আমরা শেষদিকে গিয়েই বিভিন্ন ম্যাচের ভাগ্য লিখে দিয়েছি।’চায়নিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলের ড্র দিয়ে মিশন শুরু করেছিল বাংলাদেশ। উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালের পথটা প্রশস্ত করেছিল লাল-সবুজরা। শেষ গ্রুপ ম্যাচে হংকং চায়নাকে ২-১ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের সেরা হিসেবে শেষ চারের টিকিট নিশ্চিত করেছিল জাহিদ হাসান রাজুর দল।ফাইনালে পা রাখার পর বাংলাদেশ দলের কোচ বলছিলেন, ‘আসরের শুরু থেকে মেয়েরা যে ধাঁচে খেলে আসছে, সেটা ধরে রাখাই আমাদের প্রধান লক্ষ্য। মেয়েরা খেলাটা উপভোগ করছে। আপনি যখন কোনো বিষয়কে উপভোগ করবেন, তখন সেখানে সাফল্যও আসবেই।’