ডেস্ক রিপোর্ট:
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে একটি নৈশভোজ চলাকালে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ওই ব্যক্তিকে ‘সম্ভাব্য হত্যাকারী’ হিসেবে অভিহিত করেন।স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ওই অনুষ্ঠানে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প উপস্থিত ছিলেন।ট্রাম্প জানান, সন্দেহভাজন ব্যক্তি একটি নিরাপত্তা চৌকিতে একাধিক অস্ত্র নিয়ে হামলা চালান। পরে মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে আটক করে। তিনি তাদের ‘অত্যন্ত সাহসী’ বলে প্রশংসা করেন।ঘটনার পর গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ঘটনায় এক নিরাপত্তা কর্মকর্তা গুলিবিদ্ধ হলেও তিনি বেঁচে গেছেন বলে জানান ট্রাম্প।হোয়াইট হাউসের ব্রিফিং রুমে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, এই অনুষ্ঠানটি বাক্স্বাধীনতার প্রতি উৎসর্গ করা হলেও ভেন্যুটি পর্যাপ্ত নিরাপদ ছিল না। তিনি নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির বিষয়েও মন্তব্য করেন।সন্দেহভাজন হামলাকারীকে বর্তমানে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে মানসিকভাবে অসুস্থ বলে উল্লেখ করেন ট্রাম্প।