নিজস্ব প্রতিবেদক:
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, একটি জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হচ্ছে শিক্ষা, আর সেই শিক্ষার ভিত শক্তিশালী করতে নারী শিক্ষার বিকল্প নেই। একজন শিক্ষিত নারী শুধু একটি পরিবারকেই আলোকিত করে না, বরং একটি প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সক্ষম হয়। বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই। সরকার নারী শিক্ষাকে এগিয়ে নিতে অবকাঠামোগত উন্নয়ন, উপবৃত্তি প্রদান, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণসহ বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। যার সুফল ইতোমধ্যে গ্রামাঞ্চল পর্যন্ত পৌঁছে গেছে।তিনি গতকাল শনিবার দুপুরে তেরখাদা উপজেলার চিত্রা মহিলা কলেজ আয়োজিত সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে যুগোপযোগী, বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। একইসঙ্গে তাদের মাঝে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেম জাগ্রত করতে হবে। কারণ একজন দক্ষ ও সৎ নাগরিকই পারে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে।নারী শিক্ষার প্রসারে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। সমাজের সচেতন নাগরিক, অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টায় নারী শিক্ষার অগ্রযাত্রা আরও বেগবান হবে। আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন সম্ভব।সংবর্ধনার জবাবে তিনি বলেন, এই সম্মাননা আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি এই এলাকার মানুষের আন্তরিক ভালোবাসা,আস্থা ও প্রত্যাশার প্রতিফলন। আমি সবসময় এই ভালোবাসার মর্যাদা রাখতে কাজ করে যাবো এবং এলাকার উন্নয়নে নিজেকে নিবেদিত রাখবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি, বাংলাদেশ নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা। চিত্রা মহিলা কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান ও সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বাছাড়ের সঞ্চালনায় বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, তেরখাদা উপজেলা বিএনপি’র আহবায়ক চৌধুরী কাওছার আলী, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, তেরখাদা উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপি’র সদস্য মোঃ আনিছুর রহমান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ, বিএনপি নেতা এফ এম হাবিবুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন সরদার, আব্দুল মান্নান, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল ইসলাম রেজা, কলেজের সহকারী অধ্যাপক দেবাশীষ বিশ্বাস, সহ-অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান, ক্রীড়া শিক্ষক জেড এম শামীম আহমেদ প্রমুখ।