নিজস্ব প্রতিবেদক: তেরখাদা উপজেলায় চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর ফরহাদ (১৭)-এর মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তরপাড়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে চিত্রা নদীতে গোসল করতে নামে ফরহাদ। একপর্যায়ে নদীর তীরে থাকা একটি গাছ থেকে পানিতে লাফ দেওয়ার সময় গাছের ডালে আঘাত পেয়ে সে পানিতে পড়ে যায়। এরপর সে আর ভেসে ওঠেনি।ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। দীর্ঘ সময় অনুসন্ধানের পর রোববার সকালে কচি মোল্লার বাড়ির সামনে নদীতে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে সেটি উদ্ধার করা হয়।নিহত ফরহাদ তেরখাদা ঈদগা সংলগ্ন এলাকার বাসিন্দা ইনু শেখের নাতি। পারিবারিক সূত্রে জানা গেছে, তার বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ায় সে নানাবাড়িতে থাকত।তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান, গোসল করতে নেমে গাছ থেকে লাফ দেওয়ার সময় পানিতে পড়ে নিখোঁজ হয় ফরহাদ। পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে গভীর শোক ও উদ্বেগ বিরাজ করছে।