ডেস্ক রিপোর্ট: সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে ভারতে ঢুকে পড়া পাঁচজন মৌয়ালের মধ্যে চারজনকে উদ্ধার করেছে বন বিভাগ। একই সঙ্গে কাচিকাটা এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।উদ্ধার হওয়া মৌয়ালরা হলেন—শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালাক্ষী গ্রামের রাশিদুল ইসলাম (৩৬) ও তৈবুর রহমান (২৩), বুড়িগোয়ালিনী ইউনিয়নের শুকুর আলী সরদার (৩৭) এবং কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামের আব্দুল লতিফ মোল্লা (৬৪)।উদ্ধারকৃতদের ভাষ্য অনুযায়ী, তারা বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অনুমতি নিয়ে সুন্দরবনে মধু আহরণে যান। দাড়গাং এলাকা থেকে কাচিকাটার উদ্দেশ্যে যাত্রাকালে হঠাৎ কালবৈশাখী ঝড়ে তাদের ট্রলার দিক হারিয়ে রায়মঙ্গল নদীর পশ্চিম পাড়ে ভেসে গিয়ে ভারতের অংশে প্রবেশ করে। পরদিন সকালে দেশে ফেরার চেষ্টা করলে ভারতীয় বন বিভাগের সদস্যরা একজনসহ তাদের নৌযান আটক করে। বাকি চারজন বনাঞ্চলে বিচ্ছিন্ন হয়ে পড়েন।পরবর্তীতে দুই দিন বনের ভেতরে পায়ে হেঁটে তারা আবার একত্রিত হন। তবে টহলের কারণে দেশে ফিরতে না পেরে তারা একটি অস্থায়ী ভেলা তৈরি করে রাতের আঁধারে গাড়াল নদী পাড়ি দিয়ে ছায়া নদীর তীরে পৌঁছান। টানা তিন দিন না খেয়ে থাকায় তারা মারাত্মক দুর্বল হয়ে পড়েন। পরে হলদেবুনিয়া টহল ফাইবার বোট তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদান করে।উদ্ধার হওয়া মৌয়ালরা জানান, তাদের সঙ্গে থাকা শওকাত আলী গাজী এখনও ভারতীয় বন বিভাগের কাছে আটক রয়েছেন। তার দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, গত ১ এপ্রিল শওকাত আলীসহ পাঁচজন বৈধ পাস নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন। ৮ এপ্রিল ঝড়ের কবলে পড়ে তারা পথ হারান। বিষয়টি জানার পর বন বিভাগ অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে চারজনকে উদ্ধার করে। পরে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এদিকে, একই দিনে সুন্দরবনের কাচিকাটা এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা হলেন—গোদাড়া এলাকার ওলিউর রহমান, মিকাইল হোসেন ও ইকরামুল কবির। তবে আকবর হোসেন নামে একজন এখনও নিখোঁজ রয়েছেন।বন বিভাগ জানায়, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।