ডেস্ক রিপোর্ট: আসন্ন পবিত্র হজ মৌসুমকে কেন্দ্র করে মক্কায় প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব সরকার। আজ সোমবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হওয়া নতুন নির্দেশনা অনুযায়ী, বৈধ অনুমতিপত্র (পারমিট) ছাড়া কোনো প্রবাসী এখন থেকে মক্কায় প্রবেশ করতে পারবেন না।হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হজের আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সৌদি কর্তৃপক্ষ ‘অনুমতিপত্র ছাড়া হজ নয়’ শীর্ষক একটি বিশেষ প্রচারণা শুরু করেছে। এরই অংশ হিসেবে মক্কার প্রবেশপথগুলোতে কঠোর নজরদারি ও নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে।কাদের জন্য এই বিধিনিষেধ?নতুন নিয়ম অনুযায়ী, কেবল নির্দিষ্ট তিনটি শর্ত পূরণকারী প্রবাসীরা মক্কায় প্রবেশের সুযোগ পাবেন:যাদের ইকামায় মক্কার আবাসন এলাকা উল্লেখ রয়েছে।যাদের কাছে হজের বিশেষ পারমিট রয়েছে।পবিত্র স্থানগুলোতে কাজ করার জন্য যাদের কাছে বৈধ ‘ওয়ার্ক পারমিট’ বা কর্মসংস্থানপত্র রয়েছে।নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের কাছে উল্লেখিত নথিপত্র থাকবে না, তাদের প্রবেশপথ থেকেই ফিরিয়ে দেওয়া হবে।সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, উমরাহ ভিসায় আসা বিদেশিদের আগামী ১৮ এপ্রিলের (১ জিলকদ) মধ্যে দেশ ত্যাগ করতে হবে। এছাড়া আগামী ১৮ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে সব ধরনের উমরাহ পারমিট ইস্যু স্থগিত থাকবে। হজ ভিসা ছাড়া অন্য কোনো ভিসাধারী এই নির্দিষ্ট সময়ে মক্কায় প্রবেশ বা অবস্থান করতে পারবেন না।অনুমতিপত্র সংগ্রহের প্রক্রিয়া সহজ করতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘আবশির’ ও ‘মুকিম’ পোর্টাল ব্যবহারের পরামর্শ দিয়েছে।মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিশৃঙ্খলা এড়াতে সব নাগরিক ও প্রবাসীদের রাষ্ট্রীয় আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।