রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি: সংরক্ষিত নারী আসনে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপত্র জমা দিয়ে রাজনৈতিক অঙ্গনে নিজের দৃঢ় উপস্থিতির জানান দিলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা। রবিবার (১২ এপ্রিল) দুপুর ১টা ৪৫ মিনিটে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।এর আগে শনিবার একই কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে প্রক্রিয়া শুরু করেছিলেন তিনি। মনোনয়নপত্র জমার মধ্য দিয়ে সেই প্রক্রিয়াকে পূর্ণতা দেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা।এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন, বাগেরহাট-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত বাবু কপিল কৃষ্ণ মন্ডলসহ বাগেরহাট ও খুলনা জেলার বিএনপির নেতৃবৃন্দ। তাদের উপস্থিতি প্রিয়াংকার প্রতি দলীয় সমর্থন ও আস্থার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।মনোনয়ন জমা শেষে পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা বলেন, দল তার প্রতি আস্থা রাখবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে নারীর অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং একটি নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গঠনে কাজ করবেন।বাগেরহাটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “বাগেরহাট আমার কাছে শুধু একটি এলাকা নয়, এটি আমার দায়িত্ব ও অঙ্গীকারের জায়গা। আমি নির্বাচিত হতে পারলে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব।”তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন, তরুণদের সম্পৃক্ততা এবং সমন্বিত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও অগ্রসর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি কাজ করতে চান।