ডেস্ক: খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত মোঃ সুজন সরকার (২৮)কে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল।খুলনা র্যাব জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এ সময় আড়ংঘাটা থানার শলুয়া বাজার ঘোনারদাড়া রোডের বাসিন্দা সুজন সরকারকে গ্রেপ্তার করা হয়।পরবর্তীতে রাত সাড়ে ১১টার দিকে তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে তার বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নির্মাণাধীন গোয়ালঘরের সামনে রাখা একটি ইজি বাইকের পুরাতন সিটের নিচে লুকিয়ে রাখা ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি শটগান, একটি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড শটগানের গুলি এবং ২ রাউন্ড ৭.৬২ মি.মি. গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।র্যাব সূত্রে জানা যায়, সুজন সরকারের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র আইন ও চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে। এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে তিনি দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলে অভিযোগ রয়েছে।গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত ৷