মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনে জামায়াতে ইসলামীর ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী, দেয়ালঘড়ি প্রতীকের মাওলানা সাখাওয়াত হোসাইন দিঘলিয়া উপজেলার দিঘলিয়া সদর ইউনিয়ন ও সেনহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও মহল্লায় দিনব্যাপী গণসংযোগ, উঠোন বৈঠক, ভোটার সমাবেশ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
গতকাল বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় দিঘলিয়া থানাধীন ৩নং দিঘলিয়া সদর ইউনিয়নের জামায়াতে ইসলামীর সমর্থক আবু সাঈদ মোড়লের বাড়িতে মহিলা ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ দলীয় ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দুপুর সাড়ে ১২টার সময় মহিলা ভোটার সমাবেশ শেষে তিনি সাইফুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ছাত্রদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে দিঘলিয়া মোড়ল মার্কেটের বিভিন্ন দোকানে নির্বাচনী লিফলেট বিতরণ করেন এবং দিঘলিয়া মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে দিঘলিয়া উপজেলা মোড়ের মসজিদে যোহরের নামাজ আদায় করেন।
বিকাল সাড়ে ৪টা থেকে সেনহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেলেঘাট, হাজীগ্রাম পুলের মোড়, পথের বাজারসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। পরে মাগরিবের পর সাড়ে ৬টার সময় দিঘলিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার সামনে (তেঁতুলতলা মোড়) এক সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের অনেক নেতাকর্মী খুন, গুম, হামলা ও মামলার শিকার হয়েছেন। আমার নামেও ১৬টি রাজনৈতিক মামলা রয়েছে। আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ওপর চরম নির্যাতন করা হয়েছে, শেষ পর্যন্ত তাকে জীবন দিতে হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা সরকার গঠন করতে পারলে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, মেধা অনুযায়ী চাকরির সুযোগ সৃষ্টি করা হবে। নারীদের যথাযথ মর্যাদা দেওয়া হবে। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ঘটানো হবে। আমি নির্বাচিত হলে এলাকার বন্ধ মিল-কারখানাগুলো চালু করা হবে ইনশাআল্লাহ। রাস্তাঘাট ও ব্রিজের উন্নয়ন করব। হিন্দু সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করব।”
তিনি অভিযোগ করে বলেন, “যে দলই ক্ষমতায় গেছে তারা নিজেদের পকেট ভারী করেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা আমাকে নির্বাচিত করলে আমি আপনাদের সেবক হয়ে কাজ করব। মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করব।”
শেষে তিনি দেয়ালঘড়ি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন। এ সময় দিঘলিয়া ও সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।