শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগর ও জেলা উদ্যোগে আয়োজিত আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভা সফল করতে দেড় লাখ মানুষের সমাগমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে আজ থেকেই প্রচার বিলি, মিছিল ও মাইকিং কার্যক্রম শুরু করা হবে। রোববার ( ২৫ জানুয়ারি) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান খুলনা-৩ আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। তিনি আরও বলেন, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান। তিনি বিমানে ঢাকা থেকে যশোরে এসে সকালে সেখানে একটি কর্মসূচিতে অংশ নেবেন, এরপর সাতক্ষীরার একটি প্রোগ্রাম শেষে খুলনায় জনসভায় যোগ দেবেন। জনসভা শেষে তিনি বাগেরহাটে আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নিতে রওনা হবেন। দুপুর ২টায় জনসভা শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
প্রেসব্রিফিংয়ে জানানো হয়, জনসভাকে সফল করতে ইতোমধ্যে ১৫টি উপ-কমিটি গঠন করা হয়েছে। মহিলাদের জন্য আলাদা জায়গার ব্যবস্থা থাকবে। জেলা প্রশাসন ও কেএমপির কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়েছে। জনসভাস্থলে ৪০ ফুট বাই ৩০ ফুট আকারের মঞ্চ নির্মাণ করা হবে এবং নিরাপত্তার জন্য বেরিকেড থাকবে। ২৫ ও ২৬ জানুয়ারি খুলনা মহানগর ও জেলায় মাইকিং কার্যক্রম চালানো হবে, পাশাপাশি হ্যান্ডবিল বিতরণ কার্যক্রমও শুরু হয়েছে। এতে আরও জানানো হয়, জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সাবেক এমপি ও খুলনা-৫ আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ খুলনা বিভিন্ন আসনের জামায়াত ও ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থীরা।
নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করবেন খুলনা-৩ আসনের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান। তিনি বলেন, ১০ দলীয় নির্বাচনী ঐক্যের খুলনা মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দও জনসভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করবেন।
প্রেসব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর সেক্রেটারি ও খুলনা-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা আমীর মাওলানা ইমরান হুসাইন, জেলা সেক্রেটারি মিজানুর রহমানসহ মহানগর ও জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
শেখ মাহতাব হোসেন
ডুমুরিয়া খুলনা।