মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া(খুলনা)প্রতিনিধি :
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ এলাকায় নৌবাহিনীর বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া নৌ-কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ১০ গ্রাম গাঁজা ও ৩ পিস ইয়াবাসহ স্থানীয় একটি মাদক ব্যবসায়ী চক্রের দুই সহযোগীকে আটক করতে সক্ষম হয় নৌবাহিনী। আটককৃতরা হলেন নন্দনপ্রতাপ গ্রামের মো. আসাদুল ইসলামের পুত্র মো. নাহিদ হাসান (২৩) এবং কন্যা মোছা. মীম আক্তার (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত এই ভাই-বোন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা ও পরিবহনের সঙ্গে সরাসরি জড়িত ছিল।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ অভিযানের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।