সোহেল রানা,স্টাফ রিপোর্টার :
তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “তারুণ্যের উৎসব” শীর্ষক উপজেলা প্রশাসন গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কামারগাঁ ইউনিয়ন দল শক্ত প্রতিদ্বন্দ্বী বাধাইড় ইউনিয়ন দলকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয়।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নাঈমা খান। এ সময় তিনি তরুণ খেলোয়াড়দের উদ্দেশে বলেন, খেলাধুলা যুব সমাজকে সুস্থ ও সচেতন করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত প্রয়োজনীয় বলেও তিনি উল্লেখ করেন।
ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।
উপজেলা প্রশাসনের এই আয়োজন ক্রীড়াঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।