
সোহেল রানা,স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নগরের শাহমখদুম থানার সিলিন্দা বটতলা এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ অভিযান চালায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার দুপুরে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলিন্দা বটতলা এলাকায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের পাশে কয়েকজন ছিনতাইকারীর অবস্থানের গোপন তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তারা একটি বস্তু ফেলে দিয়ে পাশের আমবাগানের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
পরে ডিবি পুলিশের সদস্যরা স্থানীয় নাইট গার্ডদের সহায়তায় এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেন। উদ্ধারকৃত পিস্তলের গায়ে ইংরেজিতে ‘Made in USA’ লেখা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।