মোল্লা জাহাঙ্গীর আলম– স্টাফ রিপোর্টার //সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন রোগী।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৮২ জনে এবং আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৪০২ জনে পৌঁছেছে।গত ২৪ ঘণ্টায় যারা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৯৫ জন, ঢাকা বিভাগে ১১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৭ জন এবং দক্ষিণ সিটিতে ৭৪ জন রয়েছেন।এছাড়া খুলনায় ৫৬ জন, ময়মনসিংহে ৪৫ জন, রাজশাহীতে ১৭ জন, রংপুরে ২ জন এবং সিলেটে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।গত ২৪ ঘণ্টায় যে পাঁচজন রোগীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ছিলেন। চট্টগ্রাম বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।এ সময়ে ৮০৩ জন রোগী হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর ফলে চলতি বছর মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ২৫ জনে।গত দুই বছরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।আর ২০২৩ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু এবং ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হওয়ার রেকর্ড সৃষ্টি হয়।