নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবার গুলশান এলাকায় ভোট দিতে পারবেন। জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বর্তমান ঠিকানা মিরপুর থেকে পরিবর্তন করে গুলশান বাসভবনের ঠিকানায় ভোটার এলাকা স্থানান্তর করেছেন তিনি।রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভোটার এলাকা স্থানান্তর হলেও তা আট মাস পর গণমাধ্যমে প্রকাশ পায়।গুলশান থানা নির্বাচন কর্মকর্তা প্রতিভা বিশ্বাস জানান, “স্যার (প্রধান উপদেষ্টা) মিরপুর থেকে গুলশান এলাকার ভোটার হয়েছেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের গুলশান-২ এলাকায় ভোট দেবেন।”আগামী রোজার আগে, অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হতে পারে। নির্বাচন সামনে রেখে চলতি বছরের ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। তখন নতুন ভোটার নিবন্ধন, মৃত ভোটার কর্তন ও স্থানান্তরের আবেদন গ্রহণ করা হয়।গত ফেব্রুয়ারিতে ড. ইউনূস গুলশান থানায় ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করেন। ১৭ ফেব্রুয়ারি ইসির এনআইডি উইং মহাপরিচালক তা অনুমোদন দেন এবং পরদিন তথ্য হালনাগাদ করা হয়।ড. মুহাম্মদ ইউনূস আগে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঠিকানায় ভোটার ছিলেন। এবার গুলশান-২ এর বাসভবনের ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন তিনি।ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, ভোটার স্থানান্তর একটি চলমান প্রক্রিয়া। এজন্য নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় দলিলাদিসহ আবেদন করতে হয়। যাচাই শেষে অনুমোদন পেলে নতুন ঠিকানায় ভোটারের তথ্য হালনাগাদ করা হয়।ভোটার হওয়ার সময় নাগরিকদের বর্তমান ঠিকানায় ভোটার তালিকাভুক্ত করা হয় এবং ভোটের সময় সেই ঠিকানায় ভোট দিতে পারেন তারা।