
নিজস্ব প্রতিবেদক:খুলনা জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের শারীরিক সক্ষমতা যাচাইয়ের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। কঠোর মানদণ্ড ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রার্থীদের বাছাই করা হয়।শুক্রবার (১৭ এপ্রিল) দ্বিতীয় দিনের ধাপ উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এদিন ১৬০০ ও ১০০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং—এই তিনটি গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশ নেন প্রার্থীরা। প্রতিটি ধাপে নির্ধারিত সময় ও সক্ষমতার ভিত্তিতে মূল্যায়ন করে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়।নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠজুড়ে ছিল কঠোর নজরদারি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি তদারকি করেন পুরো কার্যক্রম। ফলে প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাবের পাশাপাশি স্বচ্ছতা নিয়ে সন্তোষও দেখা যায়।দিন শেষে নিয়োগ বোর্ডের সভাপতি ও খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতেই পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হচ্ছে, যাতে বাহিনীতে দক্ষ ও সেবামুখী সদস্য যুক্ত হয়।এ সময় নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
