
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট—আর সেটিই বদলে দিল এক ক্যান্সার আক্রান্ত অসহায় মানুষের বাস্তবতা। পোস্টটি নজরে আসার পর আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন লন্ডন প্রবাসী সমাজসেবক আরিফ বিল্লাহ। তার এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।গত ১০ এপ্রিল তেরখাদা উপজেলার জয়সেনা বাজারের মেসার্স বুলবুল ফার্মেসির মালিক রবিউল ইসলাম তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। সেখানে উপজেলার ইখড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য চানমিয়া মুন্সী ক্যান্সারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ বলে উল্লেখ করা হয়। অল্প সময়ের মধ্যেই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।বিষয়টি নজরে আসে তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের কৃতি সন্তান, লন্ডন প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক আরিফ বিল্লাহর। মানবিক বিবেচনায় তিনি দ্রুতই উদ্যোগ নেন সহায়তার। পরবর্তীতে সোমবার (১৩ এপ্রিল) তিনি তার আপন ভাইসহ স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে ক্যান্সার আক্রান্ত চানমিয়া মুন্সীর হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেন।এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, প্রবাসে অবস্থান করলেও আরিফ বিল্লাহ সবসময়ই নিজ এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন।জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। পাশাপাশি অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, ক্যান্সার রোগীদের সহযোগিতা, আর্থিক সংকটে বিয়ে আটকে থাকা পরিবারের পাশে দাঁড়ানো, হুইলচেয়ার প্রদান, ঘর নির্মাণ এবং ক্ষুদ্র ব্যবসার জন্য দোকান করে দেওয়ার মতো মানবিক কর্মকাণ্ডেও তিনি নিয়মিত অবদান রেখে চলেছেন।উল্লেখ্য, আরিফ বিল্লাহ তেরখাদা উপজেলা সদরের কাটেঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন এবং একসময় নর্থ খুলনা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
