
নিজস্ব প্রতিবেদক :
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আমাদের নেতারা রক্তচক্ষুকে উপেক্ষা করে বিগত ১৬ বছর লড়াই করেছে। অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। অভ্যুত্থানের পরও আমরা কথা বলা থামাইনি। এই মুহূর্তে বিচার, সংস্কার ও নির্বাচনই দেশের মানুষের প্রধান স্বার্থ। সুতরাং নির্বাচন বানচালের কোনো সুযোগ নেই। শুক্রবার বিকেলে গণসংহতি আন্দোলন (জিএসএ) নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে নগরীর খানপুর মেট্রো হলের সামনে নির্বাচনী মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।সমাবেশে জোনায়েদ সাকি বলেন, শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠতে পেরেছিলেন সংবিধানের অগণতান্ত্রিকতার কারণে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যাকে লাশের নদীতে পরিণত করেছিল তাঁর লোকজন। আমরা বলেছি, শেখ হাসিনার পতনের সঙ্গে এই ফ্যাসিস্ট কাঠামোও ধ্বংস করতে হবে। সমাবেশে আরও বক্তব্য দেন দলের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান, নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, জেলার যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, মহানগর কমিটির অন্যতম সদস্য ফারহানা মানিক মুনা প্রমুখ।
